জয়দেব কেন্দুলি মেলা: ইতিহাস, বাউল সুর ও গীতগোবিন্দের অজানা কাহিনি

Joydev Kenduli Mela on the sandy banks of the Ajoy River in Birbhum, West Bengal,

বীরভূমের লাল মাটি, অজয় নদের শান্ত জলরাশি আর বাতাসে ভেসে থাকা একতারার সুর— এই সবকিছুর এক অদ্ভুত মিলন ঘটে জয়দেব বা কেন্দুলি মেলায়। প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্য তিথিতে বীরভূমের অজয় নদের তীরে বসে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই মেলা (গঙ্গাসাগর মেলার পরেই যার স্থান)। ইতিহাস, প্রেম, ভক্তি এবং লোকসংস্কৃতির এক জীবন্ত দলিল হলো এই জয়দেব মেলা।

আপনি যদি বাংলার মাটির কাছাকাছি যেতে চান, তবে কেন্দুলির এই মেলা আপনার জন্য এক অনবদ্য অভিজ্ঞতা হতে পারে। আসুন, জেনে নিই এই মেলার ইতিহাস, গুরুত্ব এবং এখানে পৌঁছানোর সহজ উপায়।

জয়দেব-কেন্দুলি মেলা কেন এত বিখ্যাত?

অজয় নদের তীরে রাঢ় বাংলার লাল মাটিতে অনুষ্ঠিত এই মেলা শুধু একটি সাধারণ গ্রামীণ মেলা নয়, এটি বাংলার আধ্যাত্মিকতা, লোকসংস্কৃতি এবং ঐশ্বরিক প্রেমের এক জীবন্ত পীঠস্থান। মূলত যে বিশেষ কারণগুলির জন্য এই মেলা বিশ্বজুড়ে বিখ্যাত:

  • কবি জয়দেবের পুণ্য স্মৃতি: দ্বাদশ শতাব্দীর বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত এবং রাজা লক্ষ্মণ সেনের সভাকবি জয়দেব গোস্বামীর স্মৃতিবিজড়িত গ্রাম এই কেন্দুলি। এখানেই তিনি রাধা-কৃষ্ণের প্রেমলীলা নিয়ে তাঁর অমর কাব্য ‘গীতগোবিন্দ’ রচনা করেছিলেন। কবির এই পুণ্য জন্মস্থানকে ঘিরেই মকর সংক্রান্তিতে এই মেলার সূচনা।

  • বাউল ও ফকিরদের বিশ্বস্তরের মিলনক্ষেত্র: কেন্দুলি মেলা বলতে প্রথমেই কানে বাজে একতারার সুর। এটি বাউল, ফকির, দরবেশ এবং বৈষ্ণবদের সবচেয়ে বড় বার্ষিক মিলনক্ষেত্র। বাউলদের দেহতত্ত্ব আর লালনগীতি শোনার টানে দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক ও গবেষক এখানে ছুটে আসেন।

  • নবরত্ন টেরাকোটা মন্দির: ১৬৮৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত অপূর্ব সুন্দর নবরত্ন (নয়টি চূড়া বিশিষ্ট) রাধাবিনোদ বা জয়দেব-পদ্মাবতী মন্দির এই মেলার অন্যতম মূল আকর্ষণ।

  • মকর সংক্রান্তির পুণ্যস্নান: লোকবিশ্বাস অনুযায়ী, মকর সংক্রান্তির কাকভোরে কদম্বখন্ডির ঘাটে অজয় নদের স্রোত উল্টো দিকে বয় এবং গঙ্গা স্বয়ং এই নদে এসে মিলিত হন। হাজার হাজার পুণ্যার্থী কনকনে শীত উপেক্ষা করে এই পুণ্যলগ্নে স্নান করেন।

  • সম্প্রীতির উৎসব: ধর্মের ঊর্ধ্বে উঠে ‘মানুষ ভজনা’ বা মানুষের গানই এখানে প্রধান। একদিকে কীর্তনে রাধা-কৃষ্ণের প্রেমের জয়গান, অন্যদিকে বাউলের কণ্ঠে ঈশ্বর খোঁজার আকুতি— সুর আলাদা হলেও ভাবের এই অদ্ভুত সম্প্রীতি মেলাটিকে অনন্য করেছে।

কবি জয়দেব ও 'গীতগোবিন্দ'-এর ঐশ্বরিক কিংবদন্তি

আজ থেকে প্রায় এক হাজার বছর আগে রচিত অমর কাব্য ‘গীতগোবিন্দ’ নিয়ে একটি আশ্চর্য কিংবদন্তি প্রচলিত আছে। বলা হয়, কাব্যটি লেখার সময় একটি পংক্তি কিছুতেই লিখে উঠতে পারছিলেন না কবি। পংক্তিটি ছিল— “স্মরগরল খণ্ডনং মমশিরসি মণ্ডনং দেহিপদপল্লব মুদারম্”, যার অর্থ হলো কামের জ্বালায় দগ্ধ শ্রীকৃষ্ণ রাধিকাকে বলছেন তাঁর চরণযুগল কৃষ্ণের মাথায় স্থাপন করতে। স্বয়ং শ্রীকৃষ্ণ রাধার চরণ নিজের মাথায় রাখছেন— এমন কথা লিখতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন জয়দেব। তিনি লেখা অসম্পূর্ণ রেখেই স্নান করতে অজয় নদে চলে যান।

কিংবদন্তি অনুসারে, সেই সুযোগে স্বয়ং শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধরে তাঁর ঘরে আসেন। স্ত্রী পদ্মাবতীর হাতে ভাত খেয়ে তিনি পুথির সেই অসম্পূর্ণ লাইনটি নিজের হাতে লিখে দিয়ে যান! বৈষ্ণব সমাজে আজও এই বিশ্বাস প্রবল।

অপূর্ব স্থাপত্য: জয়দেব-পদ্মাবতী মন্দির

মেলার একটি অন্যতম প্রধান আকর্ষণ হলো জয়দেব-পদ্মাবতী মন্দির। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর এই নবরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দূর থেকে দেখতে খুব সাধারণ মনে হলেও, কাছে গেলে এর অপরূপ টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবে। মন্দিরের গায়ে বিষ্ণুর দশ অবতার এবং পৌরাণিক চরিত্রের নিঁখুত কারুকাজ রয়েছে। মন্দিরের ভেতরে রাধা-কৃষ্ণের মূর্তির পাশাপাশি রয়েছে জয়দেব ও পদ্মাবতীর ভাবমূর্তিও।

বাউল সুর ও লালন মঞ্চ

কেন্দুলি মেলার আসল প্রাণভোমরা হলো এর আখড়াগুলো। মেলার সময় অজয় নদের বিস্তীর্ণ ফাঁকা মাঠ হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। শয়ে শয়ে আখড়ায় কোথাও চলে কীর্তন, কোথাও দেহতত্ত্বের গান, আবার কোথাও বাউল গান। যমুনার তীরে যেমন কৃষ্ণের বাঁশির সুর, অজয়ের তীরে তেমনই বাউলের একতারা।

এখানে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত একটি মঞ্চ রয়েছে, যার নাম লালন মঞ্চ। মেলা চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এখানে আমন্ত্রিত হন এবং বাউল ও লোকগান পরিবেশন করেন।

বর্ধমান ও বীরভূমের সেতুবন্ধন

মেলার সময় অজয় নদের বুক চিরে একটি অস্থায়ী রাস্তা বা নতুন ব্রিজ তৈরি হয়, যা বর্ধমান ও বীরভূম জেলাকে সংযুক্ত করে। এই রাস্তা দিয়েই হাজার হাজার পুণ্যার্থী পারাপার করেন। রাস্তার দু’পাশে বসে অসংখ্য কাঁচা হাতের তৈরি দেবদেবীর বিগ্রহ এবং অভাবী মানুষের বেঁচে থাকার লড়াইয়ের এক বাস্তব চিত্র।

কীভাবে যাবেন জয়দেব মেলায়?

জয়দেব মেলায় পৌঁছানোর মূলত দুটি জনপ্রিয় রুট রয়েছে:

  • দুর্গাপুর হয়ে: (প্রায় ২৫–২৬ কিমি দূরে) হাওড়া বা ব্যান্ডেল থেকে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বা অন্য কোনো এক্সপ্রেস ট্রেনে সরাসরি দুর্গাপুর স্টেশনে চলে আসুন (সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিট)। ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে ডানদিকেই বাস স্ট্যান্ড। সেখানকার ‘মিষ্টি মহল’ নামক একটি মিষ্টির দোকানের সামনে থেকেই জয়দেবগামী বাস ছাড়ে। ভাড়া প্রায় ৩০ টাকা এবং সময় লাগে ১ ঘণ্টা ২৫ মিনিটের মতো। আগে নদী পেরোতে হলেও, এখন নতুন ব্রিজ হওয়ায় বাস সরাসরি জয়দেব মন্দিরের কাছেই নামিয়ে দেয়।

  • বোলপুর হয়ে: (প্রায় ৩০–৩২ কিমি দূরে) আপনি চাইলে ট্রেন পথে বোলপুর (শান্তিনিকেতন) নেমে, সেখান থেকেও বাসে করে জয়দেব মন্দিরে আসতে পারেন।

বিশেষ টিপস: মেলার সময় ভিড়ের কারণে বাস মন্দির থেকে কিছুটা দূরে দাঁড়ায়, তাই বাকিটা পথ আপনাকে হেঁটেই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে।

পরিশেষে: কেন্দুলি মেলা শুধুমাত্র একটি মেলা নয়, এটি বাংলার শিকড়ের উৎসব। আপনি যদি লোকসংস্কৃতি, বাউল গান আর আধ্যাত্মিকতার টানে ঘর ছাড়তে ভালোবাসেন, তবে জীবনে অন্তত একবার এই অজয় নদের তীরে জয়দেব মেলা ঘুরে আসা আপনার জন্য বাধ্যতামূলক!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top